স্বরাষ্ট্র, অর্থের মতো দেশের শীর্ষ প্রশাসনিক দপ্তরগুলির ঠিকানা দিল্লির নর্থ ব্লক। উচ্চ নিরাপত্তার বলয়ে থাকা সেই নর্থ ব্লকে এবার বড়সড় অগ্নিকাণ্ডের আশঙ্কা। সোমবার সকালে রাইসিনা হিলে অবস্থিত ঐতিহাসিক লাল বেলেপাথরের প্রশাসনিক ভবন নর্থ ব্লকের পেছন থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ঠিক কোথায় আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট না হলেও জানা যাচ্ছে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন।
দিল্লির দমকল বিভাগের তরফে জানা গিয়েছে, এদিন সকালে তারা একটি ফোন কল পায়। বলা হয়, নর্থ ব্লকের ভিতরে কোনও একটি অজ্ঞাত স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফোন পাওয়ার পরই দমকলের ৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। যদিও ঠিক কোথায় আগুন লেগেছে, সে বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি এখনও।
সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসে শিবসেনার সাংসদ মিলিন্দ দেওরার। সংসদ ভবনের দিকে যাওয়ার সময় নর্থ ব্লকের পিছন থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন তিনি।
এদিকে সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসে শিবসেনার সাংসদ মিলিন্দ দেওরার। সংসদ ভবনের দিকে যাওয়ার সময় নর্থ ব্লকের পিছন থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন তিনি। সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, ‘সংসদের দিকে যাওয়ার সময় দেখলাম নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে এটা অগ্নিকাণ্ডের ঘটনা। আশা করি সকলে নিরাপদে রয়েছেন। নিশ্চয়ই আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা হবে।’
উল্লেখ্য, দেশের রাজধানী দিল্লিতে সরে যাওয়ার পর দিল্লির রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। এই কয়েক দিন আগে পর্যন্তও সেখানেই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ দফতর। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১০টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
