জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে ধরে আরও এক মাস সময় চান প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি বলেন, লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিলে আরও সময় চেয়েছে তদন্ত সংস্থা। তাই আমরা আরও এক মাস সময় চাই। পরে নতুন তারিখ ধার্য করেন আদালত।
আরও পড়ুন
এ মামলায় গ্রেপ্তার রয়েছেন তিনজন। তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, একই উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তারা আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। তারা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ ও অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
এমআরআর/আরএফ
