আজকাল ওয়েবডেস্ক: পুরুলিয়া ২ ব্লকের কুস্তাউর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে থাকা এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মায়েদের কক্ষে জোর করে ঢুকে পড়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। সেইসময় কর্তব্যরত নার্স তাঁকে বাধা দেওয়ায় নার্সকে ধর্ষণ ও খুন করার হুমকি দেন অভিযুক্ত।
গত মঙ্গলবার রাতের ওই ঘটনায় শনিবার থানায় অভিযোগ দায়ের করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। তারপরই রবিবার অভিযুক্ত শেখ রহিমুদ্দিন-কে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জোর করে প্রসূতি মায়েদের কক্ষে ঢুকতে চেষ্টা করেন শেখ রহিমুদ্দিন। সেই সময় কর্তব্যরত নার্স তাঁকে বাধা দিলে উল্টে ওই নার্সকে তিনি খুন ও ধর্ষণের হুমকি দেন। এমনকি পরে তাঁকে রাস্তায় দেখে নেওয়ার হুমকিও দেন। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্স ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
পুরুলিয়া ২ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃণাল কান্তি রজক বলেন, "ওই ব্যক্তি জোর করে যেখানে ঢুকতে যান, সেখানে পুরুষ প্রবেশ নিষেধ। নার্স বাধা দিলে অভিযুক্ত তাকে খুন ও ধর্ষণের হুমকি দেন।" অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে। ঘটনার জেরে ওই স্বাস্থ্য কেন্দ্রে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
