Published : 26 Oct 2026, 08:09 PM
Updated : 26 Oct 2026, 08:09 PM
আনরিখ নরকিয়ার চোট সৌভাগ্য হয়ে এসেছে জেরল্ড কুটসিয়ার জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে একাদশে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। প্রায় দুই বছর পর এই সংস্করণে খেলতে যাচ্ছেন তিনি।
কেপ টাউনে মঙ্গলবার শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টেস্ট। ম্যাচটির জন্য আগের দিন একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের একাদশে ছিলেন নরকিয়া। ডারবান টেস্ট দিয়ে সাড়ে তিন বছরের বেশি সময় পর এই সংস্করণে খেলতে নেমে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন তিনি। পরে গেবেখায় চোট আঘাত হানে তার শরীরে। কুঁচকির সমস্যায় শেষ ম্যাচ থেকে ছিটকে যান গতিময় এই পেসার।
নরকিয়ার জায়গায় একাদশে ডাক পাওয়া কুটসিয়া দলের সঙ্গেই ছিলেন। কিন্তু প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি ২০২৪ সালের নভেম্বরে সবশেষ টেস্ট খেলা এই ক্রিকেটার। এবার সাদা পোশাকে ফের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সি কুটসিয়ার। এখন পর্যন্ত এই সংস্করণে চার ম্যাচ খেলে তার প্রাপ্তি ১৪ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ম্যাচে ৭৮ শিকার ধরেছেন কুটসিয়া। লাল বলের ক্রিকেটে সবশেষ মাঠে নামেন তিনি গত অগাস্টে, বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে।
প্রথম টেস্টে ২১৪ রানে জিতে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচের প্রায় দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবারের চক্রে এখন তৃতীয় স্থানে আছে। তার পয়েন্টের হার ৬৬.৬৭। আর ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে নিউ জিল্যান্ড ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (কিপার), ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, জেরল্ড কুটসিয়া ও কাগিসো রাবাদা।
