জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
এ সময় নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ছিল শত শত জাতীয় ও দলীয় পতাকা।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মেহেদী হাসান রুয়েল বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলের প্রধান অঙ্গসংগঠন হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে সক্রিয় ছিল। আগামী দিনেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে, ইনশাআল্লাহ।
