নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সাহারিয়ার খান আনাসসহ ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ (সোমবার) ঘোষণা করা হবে। পাঁচ মাসের বিচারিক কার্যক্রম শেষে পুলিশের সাবেক আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এটি জুলাই মাসের হত্যাকাণ্ড ঘিরে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে প্রথম মামলার রায়।
২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণার জন্য গত মঙ্গলবার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় পলাতক প্রধান চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল এবং মোহাম্মদ ইমরুল।
গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরে ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ২৬ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য ও জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ বিভিন্ন প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে চানখাঁরপুল এলাকায় পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে শাহারিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
