রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ পিয়াস এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্তকর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ আসামিকে হাজির করে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরে তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয় গত ২৬ নভেম্বর।
নথি থেকে জানা গেছে, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ বিশেষ, কৌটার অংশবিশেষ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
