ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে জানা গেছে।
হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। এ ছাড়া আনসার ও ভিডিপির তিন সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, হামলাকারীরা চালক ও মাঝিদের লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবস করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।
বিআলো/শিলি