ঢাকা,২৭ অক্টোবর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ নভেম্বর সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। অনলাইনে অর্থ পরিশোধের শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন।
এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেসব ফলাফলও এবারের সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত first appeared on DesheBideshe.