জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি করে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করার কথা বলা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে আবশ্যিকভাবে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যাঁরা যেখানে সংযুক্ত হয়েছেন:
* সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞা ও অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিম: পঞ্চগড় সরকারি মহিলা কলেজ।
* সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক (প্রাণীবিদ্যা) মো. মনির হোসেন মজুমদার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) আফসানা আইয়ূব: শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ।
* সহযোগী অধ্যাপক (শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরী: যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
* সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফ: রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
* সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিন: ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ।
* সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এম এম আসাদুজ্জামান: লালমনিরহাট সরকারি কলেজ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলেও ২৯ অক্টোবর অপরাহ্ণে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। তাঁদের নিজ নিজ পারসোনাল ডাটা শিটে (পিডিএস) লগইন করে অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিআলো/শিলি