ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে রংপুরের পীরগঞ্জে এক যুবকের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে; দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি ক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রংপুর পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ওই এলাকার সৌরভ চন্দ্র মোহন্তের বিরুদ্ধে ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। ভিডিওটি প্রথমে গাজীপুরে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরে সৌরভ তার আইডি থেকে ভিডিওটি মুছে ফেললেও অন্যরা সেটি ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে দেন বলে জানিয়েছে পুলিশ। এক পর্যায়ে সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাগরিবের নামাজের পর একদল লোক তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় ‘বিদ্যুৎ না থাকায়’ হামলাকারীদের মুখ দেখতে পারেননি তারা।
এক ভুক্তভোগীর ভাষ্য, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি তিনটি ছাগল ও ঘরের আসবাবপত্র নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে গাজীপুরে সৌরভ চন্দ্র মোহন্ত তার ফেইসবুক আইডি থেকে মহানবীকে একটি কটূক্তিমূলক ভিডিও আপলোড করেন। এটি নিয়ে গাজীপুরে তোলপাড় শুরু হলে তখন সৌরভ তার আইডি থেকে সেটি ডিলিট করে ফেলেন।
“কিন্তু আপলোড করার পরপরই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কয়েকজন সেটি ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে আবার আপলোড করে। এ ঘটনাকে কেন্দ্র করেই সৌরভ মোহন্তের বাড়িতে হামলা চালান স্থানীয় লোকজন।”
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে পীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। একটি বাড়িঘর ভাঙচুরের; আরেকটি ধর্ম অবমাননা অভিযোগে।
ওসি বলেন, “বাড়ি ভাঙচুরের মামলার বাদী সৌরভ মোহন্তর বাবা বিশু চন্দ্র মোহন্ত, সেই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ধর্ম অবমাননা মামলায় এলাকার মাতব্বর আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় সৌরভ মোহন্তকে বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর এবং এ ঘটনায় জড়িত বাকিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “যারাই এ ঘটনা ঘটাক, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার জের ধরে কেউ যাতে আপত্তিকার কিছু ঘটতে না পারে সেজন্য বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।”
