সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমনে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতেই মূলত আইজিপি এই শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছিলেন। বিচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড বা আইনি প্রক্রিয়ার বাইরের কোনো শাস্তির ইঙ্গিত তিনি দেননি। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি মূলত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। এছাড়া, ওই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে করা তার মন্তব্য নিয়েও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সদর দপ্তরের ভাষ্যমতে, সাংবাদিকদের নিয়ে আইজিপি ঢালাও কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি; অসাবধানতাবশত এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশের দায়িত্বের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মৌলিক দায়িত্ব। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের প্রায়ই অপরাধী ও সংঘবদ্ধ হামলাকারীদের মুখোমুখি হতে হয়। চলতি বছরের প্রথম ১০ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেফতার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।
দেশের প্রচলিত আইন, বিশেষ করে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১ অনুযায়ী আত্মরক্ষার অধিকার পুলিশের রয়েছে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। সবশেষে পুলিশ সদর দপ্তর জানায়, মানবাধিকার সমুন্নত রাখা, জননিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
The post ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্য ঘিরে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর appeared first on Daily Sangbad Chorcha.
