ফরিদপুরের আলফাডাঙ্গায় মিথ্যা যৌন হয়রানির মামলা করার দায়ে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনুর বেগমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম (৩৮) আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটিকে মিথ্যা ও বানোয়াট হিসেবে সাব্যস্ত করেন। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং মামলাটি অসৎ উদ্দেশ্যে দায়ের করায় আদালত বাদী শাহিনুর বেগমকে এই দণ্ডাদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, "মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এই সাজা প্রদান করেছেন। এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।"
