ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে বিএনপির প্রার্থী পিরোজপুরের এলিজা জামান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এলিজা জামান।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের নেত্রী এলিজা জামান। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় সে নির্বাচনে তাঁর অংশ নেওয়া হয়নি।
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ওই শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

