অক্টোবর ২৬, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার চার বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। পিকআপের ধাক্কায় সড়কে পড়ে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী ব্যবসায়ী ওমর ফারুক।
রোববার (২৫ অক্টোবর) রাতে রাজগঞ্জের হানুয়ার বাজারের বটতলার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ব্যবসায়ী ওমর ফারুকের স্ত্রী মৌসুমী বেগম (৩২) ও তাদের চার বছরের ছেলে আবদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশুসন্তান আবদুর রহমানকে চিকিৎসক দেখাতে স্ত্রী মৌসুমী বেগমকে নিয়ে মোটরসাইকেলে যশোরে এসেছিলেন ওমর ফারুক। চিকিৎসক দেখানো শেষে স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি রাজগঞ্জের হানুয়ার বাজারের বটতলার আগে তালতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন মৌসুমী বেগম ও তার শিশুসন্তান আবদুর রহমান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মৌসুমী। স্থানীয়রা ওমর ফারুক ও তার সন্তানকে যশোর হাসপাতালে নেবার পথে শিশুটি মারা যায়। আর ওমর ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, যশোরে পরপর কয়েক দিনের ব্যবধানে একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বড় মেঘলা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন।
ওই ঘটনায় নিহত রোহানের বড় বোন হাবিবা খাতুন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেন।
ওই দুর্ঘটনার দুই দিনের মাথায় রাজগঞ্জে আবারও সড়কে প্রাণ হারালেন মা ও তার চার বছরের শিশুসন্তান। পরপর এসব দুর্ঘটনায় সড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা ও চালকদের সতর্কতার বিষয়টি নতুন করে সামনে এসেছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার দাবি উঠেছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম
