সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ওই গ্রামের কালা মিয়ার ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, হামলার অভিযোগে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ উপজেলার দুপরিরপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের ছেলে ও তাঁর আত্মীয়স্বজন তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরে বাড়ি ফেরার পথে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেন ও জাহাঙ্গীরের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আহমদও আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি জানান, হামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
