সন্তানের চেহারায় বাবা-মায়ের ছাপ খোঁজেন অনেকেই। তবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে নিজের মুখে মায়ের সঙ্গে মিল খুঁজে পাওয়ার অনুভূতি হয়ে উঠেছে বিশেষ আবেগের। বাবা-মা দু’জনকেই হারানোর পর দীর্ঘ অপেক্ষায় অবশেষে নিজের চেহারায় মায়ের ছায়া খুঁজে পেয়েছেন তিনি।
সম্প্রতি পূজার সকালে তোলা নিজের কয়েকটি ছবি দেখে মায়ের সঙ্গে মুখের মিল খুঁজে পান স্বস্তিকা। সেই উপলব্ধির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
স্বস্তিকা জানিয়েছেন, ছোটবেলা থেকেই নিজের চেহারা নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়েছে তাঁকে। বিশেষ করে চোখের গড়ন নিয়ে অনেকেই জানতে চাইতেন, বাবা-মায়ের সঙ্গে তাঁর চোখের মিল নেই কেন। ছোটবেলায় তিনি জানতেন, দেখতে বাবার মতো। অন্যদিকে, তাঁর বোনকে দেখতে অনেকটা মায়ের মতো বলেই মনে করতেন সবাই।
অভিনেত্রীর কথায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বোনের চেহারা, হাঁটাচলা ও শরীরী ভাষায় মায়ের ছাপ আরও স্পষ্ট হয়েছে। রান্নার প্রতি আগ্রহ ও দক্ষতার ক্ষেত্রেও মায়ের সঙ্গে বোনের মিল খুঁজে পান তিনি।
বাবা-মাকে হারানোর পর নিজের চেহারায় তাঁদের দুজনের ছাপ খুঁজতে শুরু করেন স্বস্তিকা। বাবার সঙ্গে মিল খুঁজে পেলেও মায়ের সঙ্গে নিজের মুখের মিল খুঁজে পাওয়ার অপেক্ষা যেন থেকেই গিয়েছিল।
অবশেষে সেই অপেক্ষার অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তিকা লিখেছেন, তাঁর বোন যেন প্রতি মাসেই আরও একটু করে মায়ের মতো হয়ে উঠছে। বোনকে দেখলে মনে হয়, সে মায়েরই ছোট সংস্করণ। আর নিজের মুখে মায়ের ছাপ খুঁজে পেতে তাঁর লেগে গেল ৪৫টি পূজা।
দীর্ঘ অপেক্ষার পর এই উপলব্ধি স্বস্তিকার কাছে হয়ে উঠেছে এক বিশেষ প্রাপ্তি। বাবা-মাকে হারানোর শূন্যতা পূরণ না হলেও নিজের চেহারায় মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাওয়ার মধ্য দিয়ে যেন নতুন করে মায়ের কাছাকাছি এলেন অভিনেত্রী।
