টোকিওতে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভ্যাকসিন কারখানা স্থাপনে সহযোগিতা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক:
জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সোমবার (২৬ অক্টোবর) টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান তিনি।
আলোচনায় বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জনস্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে অংশ নেন।
নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও নৈশভোজে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের ধারাবাহিকতায় টোকিওর এই নৈশভোজে দুই পক্ষের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
