নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল বাবু ওরফে বাবুয়া ও একটি রিসোর্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে শাবনুর আকতার (২৮) নামে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। এরমধ্যে আটক শাবনুর আকতারকে ১ মাসের কারাদন্ডসহ ১ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করা হয়েছে।
জানা গেছে, নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর শহরের ইসলামবাগ সুপারিবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ পিস ইয়াবাসহ জামিল বাবু ওরফে বাবুয়াকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার পর আটক বাবুয়াকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা নিশ্চিত করেন।
অপরদিকে সৈয়দপুর শহরের সুলতান নগরস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্ট থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোববার (২৬ অক্টোবর) শাবনুর আকতার (২৮) নামে এক নারীকে আটক করে ১ মাসের কারাদন্ডসহ নগদ ১ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত নারী শাবনুরের বাড়ি রাজশাহীতে।
সোমবার (২৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
