ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
Published : 27 Oct 2026, 04:28 PM
Updated : 27 Oct 2026, 04:29 PM
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল।
মঙ্গলবার বেলা পৌনে ১১টা দিকে উপজেলার মাইজহটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটার আধাঘণ্টা পর ট্রেন চলাচল সচল হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। পথে ট্রেনটির হুক ভেঙে ‘ত’ ও ‘থ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি আকতার হোসেন বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে পুশ ব্যাক করে নিয়ে যান। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় সোয়া ১১টার দিকে ট্রেনের বিচ্ছিন্ন দুই বগি পুনরায় সংযুক্ত করা হয়। পরে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
বর্তমানে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।
