বিগ বসের ঘরে ভাগ্য, কৌশল আর ক্ষমতার খেলায় ফের উত্তপ্ত পরিস্থিতি। ক্যাপ্টেনদের বিশেষ ক্ষমতা ঘিরে শুরু হয়েছে নতুন সমীকরণ। নমিনেশন পর্বে একের পর এক সিদ্ধান্তে বাড়ছে প্রতিযোগীদের মধ্যে দূরত্ব। আর সেই পর্বেই মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সৃজলার হুঁশিয়ারি, “এই সপ্তাহে বেঁচে গেলে সকলের কপালে দুঃখ আছে!” কিন্তু হঠাৎ এমন কথা কেন বললেন সৃজলা?
এ বারের নমিনেশন পর্বে প্রতিযোগীদের হাতে ছিল বিশেষ ক্ষমতা। মনামীকে বেছে নিতে হয় পাঁচ জনকে, যাঁরা নমিনেট করার ক্ষমতা পাবেন। সেই তালিকায় ছিলেন সৌরভ, নন্দিনী, সোনামণি, নিরঞ্জন এবং মনামী নিজে। এরপর বিগ বস একে একে প্রত্যেককে ঘরে ডেকে পাঠান। সেখানেই কার্ড বেছে নমিনেশনের প্রক্রিয়া শুরু হয়।
সৌরভের নাম বাদে অন্য নাম লেখা কার্ডগুলির মধ্যে থেকে তনুশ্রীর কার্ড ওঠে। ফলে তনুশ্রীকে নমিনেট করা হয়। অন্য দিকে, নন্দিনী জানান, সৃজলাকে নমিনেট করার একাধিক কারণ রয়েছে তাঁর কাছে। বারবার ক্ষমা চাওয়ার পরেও সৃজলা তাঁকে ক্ষমা করেননি বলে অভিযোগ করেন নন্দিনী। তবে সৃজলা শারীরিক আঘাত পেয়েছেন, সেই কথা মাথায় রেখে তাঁকে সেভ করার সিদ্ধান্ত নেন তিনি।
সোনামণির হাতে ওঠে নন্দিনীর কার্ড। নন্দিনীকে নমিনেট করার কারণ হিসেবে তাঁর দুর্ব্যবহারের কথা তুলে ধরেন সোনামণি। অন্য দিকে, নিরঞ্জন দুর্নিবারকে সেভ করেন। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে এবং দর্শকদের মধ্যে দুর্নিবারের জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি, তিনি ভাল খেলছেন বলেও মনে করেন নিরঞ্জন।
এরপর মনামীর পালা। তিনি সৃজলাকে নমিনেট করেন। মনামীর বক্তব্য, সৃজলার সঙ্গে তাঁর সেভাবে বন্ডিং তৈরি হয়নি। পাশাপাশি, লাক্সারি বাজেট টাস্কের সময় তিনি বুঝতে পেরেছেন, সৃজলা যা বলেন, বাস্তবে সব সময় তেমনটা করেন না।
মনামীর এই সিদ্ধান্তেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন সৃজলা। তিনি প্রশ্ন করেন, মনামী তাঁকে কেন নমিনেট করলেন? উত্তরে মনামী জানান, অনেকেই তাঁর জন্য খেলেছেন। কিন্তু সৃজলা সেই প্রসঙ্গে পাল্টা দাবি করেন, মাত্র চার দিন আগেই তিনি মনামীর জন্য খেলেছিলেন। তা হলে তাঁকে কেন নমিনেট করা হল?
মনামী অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন। তাঁর বক্তব্য, কার্ড বেছে সৃজলার নাম এসেছে। তিনি নিজে থেকে সৃজলাকে নমিনেট করেননি। এমনকী, মনামীকে জোর করে তাঁর জন্য খেলতেও বলেননি সৃজলা। কিন্তু এই যুক্তিতে শান্ত হননি সৃজলা। বরং তাঁর রাগ আরও বাড়তে দেখা যায়।
এ দিকে, সেভ করা আর নমিনেশনের এই টানাপড়েনে রণিতাও কার্যত দিশেহারা। তাঁর কথায়, এই দুইয়ের খেলায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিগ বসের ঘরে বন্ধুত্ব, বিশ্বাস আর ব্যক্তিগত সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
নমিনেশন পর্বের শেষে রাজবীরের সঙ্গে সৃজলা, তনুশ্রী এবং নন্দিনীর নামও নমিনেটেডদের তালিকায় উঠে এসেছে। এখন দেখার, এই সপ্তাহে কার যাত্রা শেষ হয় আর কারা টিকে থাকেন প্রতিযোগিতায়। তবে সৃজলার হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, এই পর্বের রেশ এখানেই শেষ হচ্ছে না। প্রতিযোগিতায় টিকে গেলে আগামী দিনে অন্যদের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
