বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি কিনতে গ্রাহকদের সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন বা গাড়ি ঋণ সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশে বিওয়াইডির অনুমোদিত পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও সিজি রানার বিডির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সালিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক। ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ছয় বছর। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর ব্যাংকের ঋণ অনুমোদন নীতিমালা সাপেক্ষে তিন কার্যদিবসের মধ্যে ঋণ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদের হার ও সহজ কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধাও পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান; অপারেশনস, ইন্টারন্যাশনাল ডিভিশন ও অফশোর ব্যাংকিংয়ের প্রধান মুহাম্মদ নুরন্নবী; ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড মোহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী এবং পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়কারী মোহাম্মদ রাশাদুল আনোয়ার। অন্যদিকে সিজি রানার বিডির পক্ষে আরো ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মো. ফেরদৌসুর রহমান এফসিএ এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান মেথুন ভট্টাচার্য।
