মহেন্দ্র সিং ধোনিছবি: ANI
Published on
:
2 min read
IPL-এ চেন্নাই সুপার কিংসের দাপট এখন আর দেখা যাচ্ছে না। গত কয়েকটা মরশুমে CSK-র দাপট ফিকে হয়েছে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ছবিটা যেন আরও খারাপ। ২০২৩ সালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে পঞ্চম ট্রফি ছোঁয়ার পর থেকেই যেন পথ হারিয়েছে CSK। ২০২৪ সালে শেষ মুহূর্তে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া, ২০২৫-এ প্রথম রাউন্ডে বিদায় এবং সদ্য সমাপ্ত ২০২৬ সালের আসরে লিগ টেবিলের অষ্টম স্থানে শেষ করা—পাঁচবারের চ্যাম্পিয়নদের এই ধারাবাহিক পতন ভাবাচ্ছিল ভক্তদের। অবশেষে ২০২৭ সালের IPL শুরুর আগে দলের এই ব্যর্থতার অন্ধকার নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি।
RCB-র প্রশংসায় ধোনি
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে CSK-র এই হাল নিয়ে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনি। আর সেই প্রেক্ষাপটেই তিনি টেনে আনেন চিরপ্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উত্থানের প্রসঙ্গ। বছরের পর বছর ট্রফির খরায় কাটানো RCB যেভাবে নিজেদের খোলনলচে বদলে ফেলে ২০২৫ এবং ২০২৬ সালে টানা দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে, তার প্রশংসা করেন ধোনি।
অনুষ্ঠানে ধোনি বলেন, ‘গত দুটো বছর আমরা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছি, দল হিসেবে আমরা যে ব্যর্থ হয়েছি সেটা সত্যি। এবং বাস্তব থেকে মুখ লুকিয়ে কোনও লাভ নেই যে RCB এই সময়ে সত্যিই অসাধারণ ক্রিকেট খেলেছে। জীবন এমনই। জীবনে ভালো সময় যেমন আসবে, খারাপ সময়ও আসবে। কিন্তু সেই অন্ধকার সময়টা থেকে আপনি কী ভাবে বেরিয়ে আসছেন, দল হিসেবে কোন দুর্বল জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে—সেটাই আসল বিষয়।’ ধোনি আরও যোগ করেন, ‘যখন আমরা টানা জিততাম, তখনই জানতাম একদিন এমন একটা সময় আসবে যখন আমরা হারতে শুরু করব।’
হ্যাটট্রিকের দোরগোড়ায় RCB
ধোনির এই মন্তব্যে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। IPL-এর ইতিহাসে চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (২০১৯, ২০২০) পর তৃতীয় দল হিসেবে ব্যাক-টু-ব্যাক ট্রফি জয়ের বিরল কৃতিত্ব দেখিয়েছে বিরাট কোহলিদের RCB। আগামী ২০২৭ আইপিএলে যদি RCB ট্রফি ধরে রাখতে পারে, তবে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়বে তারা।
এই অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উঠে আসে ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা। ৪৪ পেরনো মহাতারকা ২০২৬ মরশুমের পুরো সময়টাই কাটিয়েছেন ডাগ-আউটে। চোটের কারণে প্রথম ভাগে খেলতে না পারলেও দ্বিতীয় ভাগে তাঁর মাঠে নামার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু এক প্রস্তুতি ম্যাচে ফের নতুন করে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। আগামী মরশুমে তিনি কি আবারও প্যাড পরে মাঠে নামবেন? ধোনি জানিয়ে দেন, ‘আমি আমার আইপিএল ভবিষ্যৎ নিয়ে যা ভাবার তা আগামী ডিসেম্বর মাসেই চূড়ান্ত করব।’
