ভারতে চার বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাদের শিশু সন্তান। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল নোম্যান্সল্যান্ডে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের আল আমিন শেখ (৩২), তার স্ত্রী জোসনা আক্তার (২৭) ও তাদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারত ফেরত দম্পতি ও তাদের সন্তানকে ইমিগ্রেশনের আইনি আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে প্রায় সাত বছর আগে এই দম্পতি অবৈধভাবে ভারতের কেরালায় যান। সেখানে আল আমিন শেখ শ্রমিকের কাজ করতেন এবং তার স্ত্রী বাসা-বাড়িতে কাজ করতেন। পরবর্তীতে সেদেশের পুলিশের হাতে তারা আটক হলে আদালত তাদের চার বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
কারাভোগের মেয়াদ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে উভয় দেশের দূতাবাস এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার রাতে তারা দেশে ফেরার সুযোগ পান। বর্তমানে তাদের যশোরের শেল্টার হোমে রাখা হয়েছে এবং মঙ্গলবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
