এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওইদিন বেলা ১১টায় ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে তা জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ-সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের কথা ছিল। পরে তা পরিবর্তন করে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানও গতকাল ফল প্রকাশের নতুন তারিখ নিশ্চিত করেন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী পরীক্ষা দেন মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। পরীক্ষা শুরু হয় ২ জুলাই। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা নেয়া হয়েছে অভিন্ন প্রশ্নপত্রে।
এদিকে এইচএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অকৃতকার্য বিষয়ে পরীক্ষার সুযোগ দিতে এবার থেকেই অন্তর্বর্তী পরীক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা ও ফল প্রকাশ দুই মাসের মধ্যে এবং তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণদের ক্ষেত্রে তিন মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
