ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন | ৮:৪৮ অপরাহ্ন
| ০
ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনাসহ ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঘিরে সংগঠনটির উদ্যোগে আগামী ১১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হলে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের রূপরেখা প্রকাশ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “তরুণ প্রজন্মের শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তিন বছর আগে যাত্রা শুরু করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন পায়। ইতোমধ্যে ক্লাবের নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যার’ ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।”
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সংগঠনটি তিনটি প্রধান কর্মসূচি হাতে নিয়েছে বলে তথ্য দেন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সি উদীয়মান চিত্রশিল্পীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড: ইয়ং পেইন্টার্স অব টুমরো’।
এ ছাড়া ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় চলবে দশদিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন ও হাসন রাজার গানের পাশাপাশি মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন।
উৎসবের সমাপনী দিন ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে পরিবেশিত হবে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আয়োজনে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন বিখ্যাত ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও ফরাসি পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে।
সন্ধ্যাটি ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বলেন, “ঐতিহাসিক এই অপেরা শো বাস্তবায়নে দূতাবাসের সর্বাত্মক সমর্থন থাকবে। ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরাসি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা আন্তর্জাতিক এই আয়োজন সফল করতে ফ্রান্স দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তরুণ শিল্পীদের বিকাশে দেশের করপোরেট প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেড্রিক ইনজা, ডিইউসিএফ প্রতিনিধি মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরো।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
