Published on
:
1 min read
পাঞ্জাবের মানসা জেলার সিরসা-মানসা রোডে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই মৃতদেহটি রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের সদস্যরা। যার ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দলজিৎ সিং (৩৫)।পাঞ্জাবের মানসা জেলার ভাম্মে কালান গ্রামের বাসিন্দা তিনি। স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন। দলজিৎ-ই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।পরিবারের লোকজনের অভিযোগ, দলজিৎ প্রায় নেশা করতেন। প্রশাসনের কাছে এই মাদক কারবার বন্ধের জন্য বার বার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
দলজিতের স্ত্রী জানান, মঙ্গলবার সকালে মাদক আনতে মানসায় গিয়েছিলেন দলজিৎ। এর পরে রামানন্দী এলাকার একটি মাঠে তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এলাকায় মাদক বিক্রি বন্ধ করার জন্যই তাঁরা মৃতদেহটি রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান। এ ছাড়াও অবিলম্বে মাদক কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান।
রাস্তায় যান চলাচলের সমস্যা দেখা দিলে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ কর্তারা। ঘটনাটি খতিয়ে দেখে তাঁরা মৃতদেহটি উদ্ধার করে। তার পরে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। সরদুলগড়ের ডিএসপি হরপ্রীত সিং জানান, ময়নাতদন্তের পরেই দলজিৎ সিংয়ের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। এ ছাড়াও, মাদক ব্যবসায়ীদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
