ছবি: সংগৃহীত
-->ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও অস্থিরতা। দলের দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করলেও সাম্প্রতিক ব্যর্থতায় এবার চাকরি হারানোর শঙ্কায় কোচ মাইকেল ক্যারিক। ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তবে তার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
রবিবার (২৫ অক্টোবর) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের হার ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। টানা আট ম্যাচে জয়হীন থাকার পর ইউনাইটেডের কোচ হিসেবে তার অবস্থান এখন নড়বড়ে। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছে এডি হাউ ও ইউলিয়ান নাগেলসমানের নাম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ক্যারিংটনে পৌঁছান ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স। ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে দুপুর ২টার কিছু আগে অনুশীলন কেন্দ্রে আসেন ইংলিশ এই কোচ। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু আগে ক্যারিংটন ছাড়েন তিনি। তার কিছুক্ষণ আগেই অনুশীলন কেন্দ্র থেকে বেরিয়ে যান উইলকক্স।
তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি ক্লাব কর্তৃপক্ষ। আজ (২৭ অক্টোবর) খেলোয়াড়দের অনুশীলনে ফেরার কথা রয়েছে। সেই অনুশীলনে ক্যারিকই দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
ক্যারিকের ইউনাইটেড-অধ্যায়ের শুরুটা ছিল আশাব্যঞ্জক। রুবেন আমোরিমের কঠিন সময়ের পর জানুয়ারিতে দায়িত্ব নিয়ে দলকে নতুন করে সংগঠিত করেন তিনি। তার অধীনে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে দুই বছরের স্থায়ী চুক্তিও দেয় ক্লাবটি।
কিন্তু পাঁচ মাসের ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয় নেই দলটির। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলের হার এবং এরপর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ ব্যবধানের পরাজয় ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়েছে।
চলতি মৌসুমে ১২ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র দুটি। প্রিমিয়ার লিগে আট ম্যাচ থেকে দলটির সংগ্রহ মাত্র সাত পয়েন্ট। পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের পর লিগে এটিই ক্লাবটির অন্যতম বাজে শুরুর চিত্র।
ইএসপিএনকে দেওয়া তথ্য অনুযায়ী, ক্যারিককে সরানোর সিদ্ধান্ত হলে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এডি হাউ ও ইউলিয়ান নাগেলসমানকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কোনো খবর পাওয়া যায়নি।
পাপ্পু/
