নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি তার ছোট ভাইয়ের দখলে থাকায় আজকে কেতাব উদ্দিন সেই জমিতে যায়। এ সময়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
