আপাতদৃষ্টিতে সাধারণ একটি গণ্ডগোল মনে হলেও পানিহাটিতে বিজেপি নেত্রীর স্বামী অরূপ সাহার (৪৯) মৃত্যুর ঘটনায় স্থানীয় স্তরে ক্ষমতা দখলের লড়াইকেই দায়ী বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ আরও স্পষ্ট করে বললে, ঘটনাস্থল ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কে হবেন তা নিয়েই চলছিল শাসক দলের অভ্যন্তরীণ লড়াই। শনিবার রাতের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে ধারণা রাজনৈতিক মহলের।
এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে মৃত অরূপের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্তের তালিকায় নাম থাকা ওয়ার্ড কোঅর্ডিনেটর সুরজিৎ বিশ্বাস ওরফে ননীকে পুলিশ খুঁজে না পেলেও মঙ্গলবার বিজেপির জেলা অফিসে ওয়ার্ড কোঅর্ডিনেটরদের নিয়ে ডাকা বৈঠকে তিনি উপস্থিত ছিলেন বলে খবর। ওই বৈঠকে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় ছাড়াও জেলা ইনচার্জও হাজির ছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার পর সরাসরি কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দলেরই পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটি জুড়ে বিজেপির তৃণমূলীকরণ নিয়েও দলের মধ্যে গুঞ্জন বাড়ছে। পানিহাটির সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, পরিষেবা দেওয়ার পরিবর্তে এলাকার দখলদারিই যদি বিজেপি নেতাদের মুখ্য হয় তা হলে আগামিদিনে তা আরও ভয়ঙ্কর আকার নেবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবারের রাতের ঘটনা সাধারণ দোকানদারদের সঙ্গে একদল যুবকের মধ্যে হলেও, নিমেষের মধ্যেই তাতে রাজনৈতিক রং লেগে যায়। যারা ঈশ্বর চ্যাটার্জি রোডের দোকানের সামনে অশালীন কথা বলছিল তাদের পক্ষ নিয়েছিলেন সম্প্রতি জেলা সভাপতির দ্বারা নিযুক্ত ওয়ার্ড কোঅর্ডিনেটর সুরজিৎ বিশ্বাস ওরফে ননী। উল্টোদিকে, ব্যবসায়ীদের পক্ষ নিয়েছিলেন বিধায়কের ঘনিষ্ঠ পানিহাটি–১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা৷ দু’জনেই পুরোনো বিজেপি কর্মী হলেও সম্প্রতি ননী কোঅর্ডিনেটর হওয়ার পর তাঁদের সংঘাত বাড়ে।
রাজনৈতিক মহলের দাবি, আসলে লড়াইটা চলছিল কে কাউন্সিলারের টিকিট নেবেন। এর মধ্যে শনিবার ঘটনা আগুনে ঘি ঢালে। সেই রাতে প্রথমে রুমা বিতর্ক মিটিয়ে দিলেও তা পছন্দ হয়নি ননীর৷ রুমার অভিযোগ, ননীর ডাকেই বহিরাগতদের নিয়ে রাতে ফের ঘটনাস্থলে হাজির হন চণ্ডীচরণের ঘনিষ্ঠ, সদ্য পানিহাটি–১ মণ্ডলের যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়া রাজদীপ দাস। তার পরেই বচসা থেকে ধাক্কাধাক্কি এবং পরে অসুস্থ হয়ে অরূপ সাহার মৃত্যু হয়।
মঙ্গলবারও রুমা অভিযোগ করেন, ‘যারা আগে তৃণমূলে ছিল তারাই এখন রাজদীপের আশ্রয়ে।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজদীপ যুব মোর্চার সভাপতি হয়ে এর আগে রাজা রোডে একটি কালী পুজোর দখল নিতে গিয়েছিলেন বলে অভিযোগ। যদিও স্থানীয়দের বাধায় সেটা সম্ভব হয়নি।
সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, ‘পানিহাটির বিধায়ক এবং জেলা সভাপতির মধ্যে কখনও মাঠকে কেন্দ্র করে, কখনও বিজয়া সম্মিলনী, কখনও প্রণামীর বাক্স নিয়ে রোজই গন্ডগোল হচ্ছে। বিজেপির অন্তর্দ্বন্দ্বে একজন খুন হলেন এবং থানায় এফআইআর করার জন্য বিধায়ককে থানায় গিয়ে হত্যে দিয়ে বসে থাকতে হলো। যারা ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে দাঁত নখ বের করে নিজেদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা রাজ্যের বা পানিহাটির কোনও কাজে যে আসবে না সেটা দিনের আলোর মত পরিষ্কার।’ বিজেপির রাজ্য কমিটির সদস্য কিশোর কর বলেন, ‘কোনও সমস্যা হলে সেটা দলের মধ্যে বসে মেটানো উচিত।’ এ নিয়ে মুখ খোলেননি বিধায়ক বা জেলা সভাপতি কেউই।
