দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে সামনে এল দেব অভিনীত ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তির তারিখ। শনিবার সন্ধ্যায় ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনে মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেতা। প্রতি বছরের মতো এ বারেও নিজের জন্মদিনের ঠিক আগে, অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় দর্শকদের এই বিশেষ উপহার দিতে চলেছেন দেব।
২০২৬ সালের শুরুতেই দেব ঘোষণা করেছিলেন যে চলতি বছরে ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং ‘টনিক ২’-এর মতো একগুচ্ছ ছবি নিয়ে আসছেন তিনি। এর মধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে দেবের ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় সৌজন্য দেখিয়ে নিজের ছবির মুক্তি পিছিয়ে দেন দেব।
তবে সেই সময় তিনি জানিয়েছিলেন, এই তারিখ বদলের কারণে চলতি বছরে আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব নয়, তা আগামী বছরের শুরুতে আসবে। কিন্তু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ কবে মুক্তি পাবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবার সন্ধ্যায় নতুন পোস্টার শেয়ার করে সেই জল্পনার অবসান ঘটালেন সুপারস্টার। নতুন পোস্টারে দেখা যাচ্ছে, বাইকে করে এক মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন দেব। বাইকে বসে রয়েছেন এক মা ও তাঁর ছোট্ট শিশু। পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, ‘দু'চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ পোস্টারের উপরেই বড় করে লেখা মুক্তির তারিখ।
বিনয় মুদগিল পরিচালিত এই ছবিতে দীর্ঘদিন পর ফের দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এ ছাড়াও ছবিতে একটি ধূসর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশীষ রায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ এবং ‘নন্দী মুভিজ’-এর প্রযোজনায় তৈরি এই ছবিটি নিবেদন করছেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী।
জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হক নিজের সাধারণ বাইককেই বদলে ফেলেছিলেন আস্ত একটি অ্যাম্বুল্যান্সে। দুর্গম এলাকা থেকে হাজারও মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। শোনা যায়, সময়মতো অ্যাম্বুল্যান্স না পেয়ে তাঁর মায়ের মৃত্যু হয়েছিল। সেই যন্ত্রণা থেকেই মানুষকে বাঁচানোর ব্রত নেন করিমুল। তাঁর এই অসামান্য মানবিক কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এ বার সেই বাস্তবের নায়কের গল্পই দেবের হাত ধরে উঠে আসছে বড় পর্দায়।
প্রশ্ন: দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটি কবে মুক্তি পাচ্ছে?
উত্তর: আগামী ২৪ ডিসেম্বর, দেবের জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।
প্রশ্ন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটি কার জীবনের উপর ভিত্তি করে তৈরি?
উত্তর: জলপাইগুড়ির পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী করিমুল হকের বাস্তব জীবনসংগ্রাম ও হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর কাহিনি নিয়ে তৈরি এই ছবি।
প্রশ্ন: এই ছবিতে দেবের সঙ্গে আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে?
উত্তর: দেবের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, ইন্দ্রাশীষ রায় এবং শুভাশিস মুখোপাধ্যায়।
প্রশ্ন: কেন স্বাধীনতা দিবসে মুক্তি পায়নি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’?
উত্তর: স্বাধীনতা দিবসে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি মুক্তি পাওয়ায় বক্স অফিস সংঘাত এড়াতে নিজের ৫০তম ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন দেব।