বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা থামছেই না। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। এমনকি অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
দীর্ঘদিনের এই বিতর্কের মধ্যে এবার মুখ খুলেছেন গোবিন্দ। স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে অভিনেতার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক নিয়ে কথা বলেন গোবিন্দ। তাঁর ভাষ্য, প্রত্যেকে নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন।
গোবিন্দ বলেন, ‘দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে নারীরা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ, জানি—এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চাই না।’
দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। গোবিন্দের দাবি, ওই ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তাঁর কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।
গোবিন্দের বক্তব্য, জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও অপ্রয়োজনীয় আলোচনা ও কথার আঘাত এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।
