ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে তাসকিন আহমেদের দামকে ছাড়িয়ে গেছেন শরীফুল ইসলাম। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।
রাজধানীর শেরাটন হোটেলে আজ ডি-থ্রি ট্রফির নিলাম চলছে। নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা দেখা গেছে।
শুরুতে তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নেয় ওয়ালটন। তখন তিনি এবারের ডি-থ্রিতে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার হয়েছিলেন। কিছুক্ষণ পর শরীফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নেয় সিটিজেন ব্যাংক। এর মাধ্যমে তিনি তাসকিনের রেকর্ড ভাঙেন।
নিলামে বড় অঙ্কের পয়েন্ট পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন:
* তানজিদ হাসান: ২ কোটি পয়েন্টে ফরচুন।
* সাইফ হাসান: ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সেভেন রিংস।
* জাকের আলী: ১ কোটি ৭০ লাখ পয়েন্টে সিটিজেন ব্যাংক।
নিলামে অংশ নিয়েছে ছয়টি দল। ডাকা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। চলতি বছরের ডিসেম্বরে তিন সংস্করণের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।
নিলামে ক্রিকেটারদের দলে নেওয়া হচ্ছে পয়েন্টের হিসাবে। তবে এই পয়েন্ট খেলোয়াড়দের প্রকৃত দাম নয়। ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি।
প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে থেকেই দলগুলোকে স্কোয়াড গঠন করতে হচ্ছে।
নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
বিআলো/শিলি