প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম
কেয়ারটেকার এর অভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে আটঘরিয়া (পাবনা) থেকে আব্দুস সাত্তার মিয়া:- আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে অবস্থিত বংশীপাড়ার স্মৃতিসৌধ অযত্নে অবহেলায় পরে আছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই স্থানে ১০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। কিন্তু যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার অভাবে গোচারণভূমিতে পরিণত হয়েছে এই স্থানটি। অপরদিকে স্মৃতিসৌধটি তার সৌন্দর্য গৌরব ও হারাচ্ছে। নাই কোন স্থায়ী তত্ত্বাবধায়ক।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুরুল ইসলাম জানান, তার দায়িত্ব পালনকালে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো, পরে মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন দেখভালের দায়িত্ব নেন। উল্লেখ্য মুক্তিযোদ্ধা স্মরণে প্রতিবছর ৬ নভেম্বর, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বছরের অন্য সময় পরিচর্যার ঘাটতি রয়েছে। ফলে সেখানে গোচারণভূমিতে পরিণত হয়েছে। জহুরুল ইসলাম দাবি করেন সরকারিভাবে একক স্থায়ী কেয়ারটেকার নিয়োগ করা হলে এ দুরবস্থার অবসান হবে।
মাঝপাড়া চেয়ারম্যান ফারুক হোসেন জানান, স্মৃতিসৌধের চারপাশে প্রাচীর দেওয়া, কখনো কখনো তালাবদ্ধ করে রাখা হলেও স্থানীয় লোকজন ছাগল গরু কিভাবে নেয় তা বোঝা কঠিন।
এলাকাবাসির প্রত্যাশা, কালামনগর বংশীপাড়া স্মৃতিসৌধ যথাযথ সংরক্ষণ নিয়মিত পরিচর্যার জন্য এখানে একজন স্থায়ী তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার নিয়োগ করা দরকার।