কালবেলা · রাজনীতি
প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে যুবদল: রিটন
10/27/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর সদর হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহফুজুর রহমান রিটন বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারুণ্যের শক্তি মেধা সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলকে যুবসমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, রাজশাহী মহানগর সবার। এ নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ যুবদলকে বিএনপির সাংগঠনিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এতে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার ওয়ালিউল হক রানা শফিকুল ইসলাম শাফিক আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।
মূল প্রতিবেদনে যান ↗