পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সচেতনতামূলক লিফলেট প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ।
সোমবার (২৬ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক মো. শামসুল হক খোকন, সদস্য সচিব মো. মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আহাদ জোমাদ্দারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ইউএনও মো. হাসিবুল হাসান জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদক ও অপরাধমুক্ত ভাণ্ডারিয়া গড়ে তুলতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ সৃষ্টি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা ও প্রশাসনের সহযোগিতায় ভাণ্ডারিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
The post ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ appeared first on ভোরের চেতনা.
