Published on
:
1 min read
রাজস্থানের কোটায় ফের দুই পড়ুয়ার মৃত্যু। মৃতদের মধ্যে একজন আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। অন্যজনের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদের নাম অজিত ধাকড় (১৬) এবং গৌতম কুমার (১৯)। অজিত মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা। ছ’মাস আগে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই-এর প্রস্তুতি নিতে কোটায় এসেছিল সে। অন্যদিকে, বিহারের দ্বারভাঙার বাসিন্দা গৌতম নিট-এর প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ সূত্রে খবর, কোটার একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকত অজিত। রবিবার কোচিং সেন্টারে পরীক্ষা ছিল তার। সে পরীক্ষা দিতে যায়নি সে। রাতে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় বাড়িওয়ালার। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে অজিতের দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক চাপের কারণে আত্মহত্যা করে থাকতে পারে ওই কিশোর। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, কোটার ল্যান্ডমার্ক সিটির একটি হস্টেলে থাকতেন গৌতম। অসুস্থ অবস্থায় তাঁকে এমবিএস হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।
দেশের অন্যতম প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিকেন্দ্র কোটায় পড়ুয়াদের মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরে সেখানে ১৪ জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে।
