চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মৃত্যু হয়েছে তার।
এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া কামাল নিহাত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে।তার স্বামী নুর উদ্দিন উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।
জানা গেছে, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিলো।পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস ভালোভাবে সংসার চললেও একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তানিয়াকে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। গত ঈদে তানিয়ার শ্বশুরবাড়ির লোকজন নতুন কাপড়চোপড় ও উপহার দাবি করেন। রমজান মাসে সাধ্যমতো উপহার দিলেও সম্প্রতি আবারও কাপড়চোপড় ও যৌতুক দাবি করা হয়। কিন্তু সেই দাবি পূরণ করতে না পারায় তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা সালিস-বৈঠক হয়েছিলো। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তানিয়ার গলায় দুটি দাগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তানিয়ার স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
