উত্তরপ্রদেশে রাহুল গাঁধীর কনভয়ের গাড়ির সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ! আহত অনেকে। তবে অক্ষত রয়েছেন রাহুল। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার লখনউ বিমানবন্দরে পৌঁছান রাহুল। সেখান থেকে সুলতানপুরের দিকে রওনা হয় তাঁর কনভয়। সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে সোমবার সকালে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল। ২০১৮ সালে একটি মানহানির মামলার শুনানি ছিল এ দিন। সেখানে যাওয়ার পথেই উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদের কনভয়ের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ ঘটে। গন্তব্য পৌঁছোনোর প্রায় ৩৫ কিলোমিটার আগে ঘটে দুর্ঘটনাটি।
জানা গিয়েছে, রাহুলের কনভয়ের দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত পাঁচটি গাড়ি ছিল কনভয়ের একেবারে পিছনের দিকে। আহতদের মধ্যে কংগ্রেসের কর্মী এবং নিরাপত্তাকর্মীরা রয়েছেন। তবে দুর্ঘটনায় রাহুলের কোনও ক্ষতি হয়নি বলেই খবর।
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ডান দিকের দ্রুতগতির লেনে ছিল। অন্যান্য লেনে অনেক গাড়ি যানজটে আটকে ছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, সংঘর্ষের পর একটি স্করপিয়ো, যার সামনের অংশটি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে, সেটি অ্যাম্বুল্যান্সটির সামনে গিয়ে থেমেছে।
ওই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ‘দেবেশ৮১৪০৩৯৫৫’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। উল্লেখ্য, মানহানি মামলাটি ২০১৮ সালের ৪ অগস্টের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় মিশ্র। সোমবার সেই মামলায় আদালতের রায় ঘোষণার কথা। রায় ঘোষণার সময় কংগ্রেস সাংসদের সশরীরে উপস্থিতি প্রয়োজন ছিল। সে কারণেই আদালতে যাচ্ছিলেন রাহুল।
