রাঙামাটি নানিয়ারচর উপজেলার ৪নং কুতুকছড়ি ইউনিয়নের নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৮তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ এবং বেইন ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ অতিসার মহাস্থবির উপস্থিত থেকে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি জনাব অমল কান্তি চাকমা।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, বুদ্ধপূজা, ত্রিপিটক সংঘের প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্বে শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর দান, বেইন ঘরের উদ্বোধন, কল্যাণকর মঞ্চ আনয়ন, অতিথি বরণ, ধর্মীয় আলোচনা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনের কর্মসূচি আয়োজন করা হয়।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিও-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় কুতুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিও-১৭৫১ ক্যাপ্টেন এস. এম. রাফসান জানী উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন এবং নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের সভাপতি জনাব অমল কান্তি চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানিয়ারচর জোনের পক্ষ থেকে আয়োজকদের উপহারস্বরূপ মিষ্টি প্রদান করা হয়। পাশাপাশি, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে সহযোগিতা প্রদান করে আসছে। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
