সাফল্যের ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন ব্যাংক, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকার বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউসিবিআইএলের জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ইউরোমানির স্বীকৃতি। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ নির্বাচিত হয়েছে। একই বছর ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬’-এ ‘বাংলাদেশের সেরা অর্থায়ন সমাধানবিষয়ক ইনভেস্টমেন্ট ব্যাংক’ পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। উদ্ভাবনী অর্থায়ন কাঠামো তৈরি ও বাস্তবায়নে দক্ষতা এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এসব অর্জনকে বিবেচনা করা হচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে ইউসিবিআইএল ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেট, কাঠামোগত অর্থায়ন, একীভূতকরণ ও অধিগ্রহণ, করপোরেট পরামর্শ, মূল্যায়ন এবং ঋণ সিন্ডিকেশনসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবায় কার্যক্রম সম্প্রসারণ করেছে। ইকুইটি, ডেট ও হাইব্রিড পদ্ধতিতে মূলধন সংগ্রহেও প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বন্ডগুলোর প্রায় অর্ধেকের ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবিআইএল।
দেশের প্রাথমিক শেয়ারবাজারে দুই বছরের বেশি সময় ধরে নতুন আইপিও না আসার প্রেক্ষাপটে বাজারে গতি ফেরানো ও বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গত ১৮ অক্টোবর বিদ্যুৎ খাতের একটি শীর্ষস্থানীয় কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগে রোডশোর আয়োজন করে ইউসিবিআইএল। মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে যুক্ত করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির মাধ্যমে আইপিও বাজারকে গতিশীল করাই এ উদ্যোগের লক্ষ্য।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর।
এ ছাড়া ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের উপস্থিতি ইউসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যের প্রতিফলন ঘটায়।
