ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা ও সুন্দরবনে দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং পূর্ণিমার ভরা কটালের জেরে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। নামখানা-সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার। সোমবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনি দ্বীপে প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। নদীবাঁধ সংলগ্ন ও নিচু এলাকাগুলিতেও চলছে নজরদারি।