সন্ত্রাসবিরোধী আইনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় কুমার বাড়ৈ (৩৫) আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
