দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়াতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে ‘৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণ’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোটিশ অব অ্যাওয়ার্ড (নোয়া) চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান জেডটিইকে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।
টেলিটকের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জেডটিইর প্রধান বিপণন কর্মকর্তা জিয়াং শিয়াও, হিসাব পরিচালক মোহাম্মদ জাহেদ আলী এবং প্রকল্প পরিচালক ঝু শিউবিনসহ টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরআর/এইচএস
