যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এ ঘটনায় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্ল্যাটফর্মটিতে বিমানবাহিনীর কৌশলগত কার্যক্রম, জনবল ও সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য রয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রগুলোর দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজের সময় হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে কারা এ হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটা বিস্তৃত কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে তারা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেয়।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন মেটানোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।
ক্লাউড ওয়ানের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর একটি হলো ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে। আরেকটি অ্যাপ্লিকেশন ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এর মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
২০২৬ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে এসএইসির সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজনের ভাষ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাদের একজন রয়টার্সকে বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’
ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে সাইবার কমান্ডের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স।
হ্যাকিংয়ের বিষয়টি জানার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সূত্রগুলোর দুজন এবং এ বিষয়ে জানেন এমন আরেক ব্যক্তি জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিমানবাহিনীর কর্মীরা এসব অ্যাপ্লিকেশনের ত্রুটি সংশোধনের কাজ করতে পারছেন না। এমন সময় এ বাধা তৈরি হয়েছে, যখন প্রযুক্তিশিল্পে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হয়েছে।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছে।
একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে। কন্ট্রোল প্লেনকে ওই সূত্র একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে এবারের হামলায় হ্যাকাররা এ ধরনের কোনো কাজ করেছে কি না, তা স্পষ্ট নয়।
হামলাকারীরা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যে ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের এ ঘটনা সামনে এল। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের। কারণ, এআই মডেলগুলো দ্রুত বিস্তৃত পরিসরের সফটওয়্যার ও নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে পারে।
এর আগে সম্প্রতি প্রকাশিত অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে। এসব ঘটনার মধ্যে দুটি এফবিআইয়ের ওপর হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি বিভাগের ওপর হামলা রয়েছে।
হ্যাকারদের লক্ষ্যবস্তু হিসেবে ক্লাউড ওয়ান অবশ্য নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিরা এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তারা দাবি করেছিলেন, প্ল্যাটফর্মে অনুপ্রবেশের ‘বিপুলসংখ্যক’ চেষ্টা প্রতিহত করতে তাদের সাফল্যের হার ‘১০০ শতাংশ’।
নিবন্ধে তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
