পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের অর্ধশতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক জীবন ইসলাম ও তার অংশীদার মো. জয় জানান, তারা স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘা জমি ইজারা নিয়ে কলাবাগানটি করেছেন। চলতি বছর সেখানে প্রায় ৭০০ কলাগাছ রোপণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার জীবন ইসলামের ছোট ভাই রাকিবুল ইসলামের সঙ্গে বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার রতন আলী প্রামাণিকের ছেলে জালালী, ইকরম ও অলির বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষই ঈশ্বরদী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, পূর্বের ওই বিরোধের জের ধরেই রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন তার বাগানের ৫০ থেকে ৬০টি ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করেছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার দাবি করেন।
এদিকে অভিযুক্ত জালালী, ইকরম, অলি ও তাদের চাচা রয়েল প্রামাণিক কলাগাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মারামারির ঘটনায় তারা নিজেরাও থানায় অভিযোগ দিয়েছেন এবং প্রতিপক্ষরা নিজেরাই কলাগাছ কেটে তাদের ওপর মিথ্যা দোষ চাপাচ্ছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এর আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
