ফুফুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে ঢাকায় হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন হাফেজ ইউসুফ আলী (১৯)। তবে হাসপাতালে আর পৌঁছানো হলো না তার। সোমবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মোজাফফর টাওয়ারের সামনে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারান তিনি।
নিহত ইউসুফ আলী রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় ফুপা আব্দুস সাত্তারের বাড়িতে থাকতেন। সম্প্রতি স্থানীয় একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়াশোনা শেষ করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন ইউসুফ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
ইউসুফের ফুপা আব্দুস সাত্তার জানান, তার স্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার জন্য আরও কিছু টাকার প্রয়োজন হওয়ায় সকালে ইউসুফকে ১৫ হাজার টাকা দিয়ে হাসপাতালে যেতে বলেছিলেন তিনি।
আব্দুস সাত্তার বলেন, ‘সকাল ৬টার দিকে টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ইউসুফ। দুপুরেও হাসপাতালে না পৌঁছালে আমরা তাকে খুঁজতে থাকি। পরে স্থানীয় অটোচালকদের মাধ্যমে জানতে পারি, এ বয়সের এক ছেলে দুর্ঘটনায় পড়েছে। থানায় গিয়ে ছবি দেখে ইউসুফকে শনাক্ত করি।’
তিনি আরও বলেন, ‘ইউসুফ আমাদের বংশের বড় সন্তান। তার মৃত্যুর খবর পেয়ে ওর মা ও অন্য স্বজনেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
