চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি নেত্রকোনায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী মহাসড়কের লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি সরিয়ে হেফাজতে নেয় বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
The post চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ appeared first on ভোরের চেতনা.
