মাল্টার রাজধানী ভ্যালেটার মেয়র ওলাফ ম্যাককের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল ড. এম. শোয়েব চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভ্যালেটার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক নগর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন মেয়র ওলাফ ম্যাককে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে মাল্টার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান।
এ সময় ড. শোয়েব চৌধুরী আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ভ্যালেটার ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সহজে তুলে ধরতে পারে। একই সঙ্গে মাল্টা ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারেও এসব প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ড. শোয়েব চৌধুরী ভ্যালেটার মেয়রকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। মেয়র ওলাফ ম্যাককে আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ভ্যালেটা লোকাল কাউন্সিলের নির্বাহী সচিব গ্যাব্রিয়েলা অ্যাজিয়াস এবং ড. শোয়েব চৌধুরীর সহধর্মিণী ও ‘দ্য এশিয়ান এজ’-এর প্রধান সম্পাদক ড. জেসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও উপহার বিনিময় হয়। এ সময় ভ্যালেটার মেয়র ড. এম. শোয়েব চৌধুরীর হাতে নগরীর একটি বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
