নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মার্কেটের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে শেষ হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়াগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা।
মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা জানান, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় এক মাস ধরে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাঁর দাবি, গত নয় মাসে মার্কেটের রানিং কমিটি দোকানমালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লাখ ৭১৫ টাকা আদায় করেছে। তবে আদায় করা অর্থের হিসাব এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি চান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় মার্কেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
অবরোধের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ ফতুল্লা থানার পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
পরে দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল বকুল ও গাজী মোহাম্মদ লিটন মোল্লাসহ মার্কেটের ব্যবসায়ী নেতারা ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
The post বিদ্যুৎ সংযোগের দাবিতে সাইনবোর্ডে ব্যবসায়ীদের সড়ক অবরোধ appeared first on ভোরের চেতনা.
